কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’র নির্মাতা সাইফুদ্দাহার শহীদ মারা গেছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েক বছর ধরে আলঝেইমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাইফুদ্দাহার শহীদ। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
কম্পিউটারে বাংলা লিখতে ‘বিজয়’ কিবোর্ডের আগেই ১৯৮৫ সালে শহীদলিপি তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। এটি করা হয়েছিল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য। নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। শহীদলিপি ব্যবহার করে তারকালোক এবং দৈনিক আজাদসহ বেশ কিছু পত্রিকা প্রকাশিত হয়েছিল।
সাইফুদ্দাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি।