৫৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

সমাজসেবা অধিদপ্তরের ২ কর্মচারীর বিরুদ্ধে মামলা

চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে ৫৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিরা হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী মো. গোলাম ফারুক ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান সেলিম। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ উপপরিচালক মো. মোনায়েম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, সমাজসেবা অধিদপ্তরে চাকরি দেওয়ার কথা বলে মেহেদী হাসানসহ আরও কয়েকজন প্রার্থী ও তাদের স্বজনদের কাছ থেকে ৫৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মো. গোলাম ফারুক ও মাহমুদুল হাসান সেলিমের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ২২ ডিসেম্বর পুরান ঢাকার গে-ারিয়া থানায় অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থী সৈয়দ মেহেদী হাসান। অভিযোগটি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়। ২০১৮ সালের ৭ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন (স্থায়ী রাজস্ব) পদে ৪৬৩টি পদসহ অন্যান্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে আসামিরা প্রার্থীদের চাকরির নিশ্চয়তা দিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা নিতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ২০২১ সালের ২৪ ডিসেম্বর শেরেবাংলা নগরে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে আসামি গোলাম ফারুক ও মাহমুদুল হাসান সেলিমের কাছ থেকে ৫৭ লাখ টাকা জব্দ করা হয়।