পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টি শুরু, তাপমাত্রা কিছুটা কমেছে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এতে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে।

মঙ্গলবার রাজধানী ছাড়াও চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়। পূর্বাভাস অনুযায়ী, বুধবার দেশের আরও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরাবরের মতো ছিল কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কিছুটা বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করা মেঘের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দিনের তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে থাকবে, শীত অনুভূত হবে। তবে মেঘের কারণে ঠান্ডা বাতাস আসা কমে যাবে। এতে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ১৫ জানুয়ারির মধ্যে মেঘ কেটে যাবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দ্রুত কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শৈত্যপ্রবাহ মূলত উত্তর-পশ্চিমাঞ্চল এবং মৌলভীবাজার জেলায় ওপর দিয়ে বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায়ও এ সময়ে শীত বাড়বে।

জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে তারা বলেছে, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।