ইঁদুর মারার বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাড়িতে ছিটানো ইঁদুরের ওষুধ মেশানো মুড়ি খেয়ে ইয়াছিন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ইয়াছিন পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মনা গ্রামের রিপন মিয়ার ছেলে। শ্রীপুরের জাহাঙ্গীরপুর গ্রামে নানাবাড়িতে মায়ের সঙ্গে থাকত শিশুটি।

শিশুর নানা শাহাবুদ্দিন মিয়া বলেন, আমার নাতি ইয়াছিনকে নিয়ে মেয়ে আমার বাড়িতেই থাকে। প্রতিদিনের মতো গত সোমবারও তাকে বাড়িতে রেখে কারখানায় চলে যায় তার মা। আমি বিকেলে বাড়ির কাছে একটি বাজারে যাই। রাতে তার নানি ইয়াছিনকে রেখে এশার নামাজ পড়তে যায়। এ সময় ঘরে ছিটিয়ে রাখা ইঁদুরের জন্য বিষ মেশানো মুড়ি দেখে খেয়ে ফেলে ইয়াছিন। পরে তার নানি বিষয়টি টের পায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, শিশুদের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।