উইকেট দিয়ে বিদায় টেইলরের

বাংলাদেশের ইনিংস শেষ হচ্ছে, দিনের সূর্য অস্ত যাচ্ছে আর যতি পড়ছে রস টেইলরের ক্যারিয়ারের। তিন চিত্র কাল হ্যাগলি ওভালে হচ্ছে একসঙ্গে। টেইলরের রঙিন ক্যারিয়ার শো-কেসে উঠছে তা তো জানাই ছিল। তবুও শেষে একটা আতশবাজির মতো আলোকোজ্জ্বল বিচ্ছুরণের দরকার ছিল। এবাদত হোসেনের উইকেট নিয়ে ঠিক সেটাই যেন পেয়ে গেলেন রস টেইলর। ক্যারিয়ারের শেষটা করলেন উইকেট দিয়ে, এমন ইতি খুব কম ক্রিকেটারেরই ভাগ্যে জোটে। বিশেষত বোলার যখন অনিয়মিত একজন।

৮০তম ওভারে বল হাতে নেন টেইলর। তৃতীয় বলটি একটু ঝুলিয়ে দিয়েছিলেন যেন এবাদত সøগ সুইপে উড়িয়ে মারতে যান। ঠিক তাই করেন এবাদত, মিস টাইমে তা উঠে গেল মিডউইকেটে। ল্যাথাম কিছু সামনে গিয়ে পেছন ফিরে ক্যাচটা নেন। উইকেট পাওয়ায় হাত দুই পাশে ছড়িয়ে টেইলরের মুখভঙ্গি এমন যে নিজেই বিশ্বাস করতে পারছেন না। টেইলর কেন, সতীর্থরাও তো ভাবেননি যে উইকেটে ক্যারিয়ারের ইতি টানবেন টেইলর। মুহূর্তটিও দারুণ। মাঠের ১০ সতীর্থ ছুটে এলেন বিদায়ী তারকাকে অভিনন্দন জানাতে। এমনভাবে ঘিরে ধরলেন যে টেইলরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরে বলটিও টেইলরকে দেওয়া হয় স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। টেইলর টেস্টে সবশেষ বল করেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২০১৩ সালে চট্টগ্রামে। আর ক্যারিয়ারে এবাদতের উইকেটটি ছাড়া আর দুটি শিকার আছে তার। ২০১০ সালে ভারতের বিপক্ষে ম্যাচে হরভজন সিং ও শ্রীশান্তকে আউট করে তার অফস্পিনে।

টেইলরের উইকেট পাওয়াটাও যেন কাকতালীয়। অধিনায়ক ল্যাথাম তাকে বোলিংয়ে টানার কথা ভাবেননি। কিন্তু সমর্থক ও সতীর্থরা তাকে বল দেওয়ার অনুরোধ করেন। সেই সঙ্গে আকাশও কালো হয়ে আসায় টেইলরকেই টানতে হয়েছে বোলিংয়ে। এ যেন ভাগ্যদেবীর সহায় টেইলরের ওপর। ল্যাথাম বলেন, ‘আমাকে সমর্থক ও সতীর্থরা বলছিল টেইলরকে বল দিতে। আমি ভাবছিলাম, ঠিক সেই সময় আম্পায়াররাও বলেন আলো কমে যাওয়ায় দুজন পেসারকে বল দেওয়া যাবে না। তাই একটাই অপশন বাকি থাকে টেইলর। যেহেতু আমাদের স্পিনার নেই। আর টেইলর প্রথম ওভারেই উইকেট নিল, আসলে ওর ক্যারিয়ার শেষের এর চেয়ে ভালো স্ক্রিপ্ট আর হতে পারে না।’

টেইলরের মা-স্ত্রী-সন্তানরা এদিন মাঠে ছিলেন। খুব বেশি কিছু করতে পারেননি টেইলর, ২৮ রান ছাড়া। শেষে ওই উইকেটটাই আনন্দ বাড়িয়ে দিয়েছে। ১১২ টেস্টের উজ্জ্বল টেস্ট ক্যারিয়ার শেষে টেইলর বলেন, ‘এটা আমার জন্য আবেগের ম্যাচ ছিল। আমার পরিবার, বন্ধুরাও এই ম্যাচ উপভোগ করেছে সমান আবেগের সঙ্গে। হ্যাঁ শেষে উইকেটটা পাওয়া ছিল দারুণ। টম (ল্যাথাম) বলছিল ক্যাচ ধরতে গিয়ে সে খুব চাপে ছিল (হাসি)। কারণ মিস করলেই তো সবাই তাকে আমার আনন্দ মাটি করার জন্য দোষ দেবে।’