সৌদি আরবে প্রথমবার যৌন হয়রানির দায়ে দোষী ব্যক্তির নাম প্রকাশ

প্রথমবারের মতো সৌদি আরবে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে জেল-জরিমানা ছাড়াও জনসমক্ষে তার নাম প্রকাশ করার রায় দেওয়া হয়েছে।

ঐতিহাসিক এ রায় ঘোষণা করে মদিনার একটি ফৌজদারি আদালত। দেশটিতে যৌন হয়রানির মামলায় অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম কোনো রায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শাস্তি পাওয়া ব্যক্তির নাম ইয়াসির আল-আরাভি। এক নারীকে অশ্লীল মন্তব্য করে তিনি দোষী সাব্যস্ত হন। তাকে আট মাসের জেল ও এক হাজার ৩৩০ ডলার জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমতি দেওয়া হয় তার নাম ও অপরাধ জনগণের সামনে প্রকাশের।

খবরে বলা হয়, সৌদি আরবে গত বছর যৌন হয়রানি বিরোধী আইনটি সংশোধন করে অপরাধীর নাম এবং শাস্তির বিষয়টি সংবাদপত্রে প্রকাশ করার অনুমোদন দেওয়া হয়।

২০২১ সালের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ যৌন হয়রানি বিরোধী আইনের ৬ অনুচ্ছেদে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে, যেখানে বলা হয়েছে যে যৌন, হয়রানির মামলার রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির পরিচয় সংবাদপত্রে প্রকাশ করা যাবে।

এই সংশোধনীতে যারা মিথ্যা অভিযোগ দায়ের করবেন তাদের বিরুদ্ধেও আইন করা হয়েছে।

ওদিকে, মক্কা অঞ্চলের একটি আদালত এক মসজিদের ইমামকে তার গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ থেকে খালাস দিয়ে একটি রায় দিয়েছে।

বাদী যথেষ্ট প্রমাণসহ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। আপিল আদালতও ওই রায় বহাল রেখেছে এবং রায় অনুসারে চূড়ান্ত খালাসের আদেশ দিয়েছে।

সৌদি নাগরিক ওই মসজিদের ইমামের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত করার পর পাবলিক প্রসিকিউশন মামলাটি আদালতে রেফার করে।