যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হোস্টেলে কাশ্মীরি ছাত্রীর ঝুলন্ত লাশ

যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেলের বাথরুম থেকে সীমা জোহরা (২১) নামে ভারতীয় এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, বুধবার ভোরে যশোর আদ্-দীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিনের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় চাঁচড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়।

তারা ঝুলন্ত অবস্থা থেকে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক আহমেদ তারেক শামস্ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

যশোর আদ্-দীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, আজ (বুধবার) ভোরে হাউজ কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে পুলিশ। তারা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগে কর্তব্যরত ডা. আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যক্ষ জানান, সীমা জোহরা ভারতের জম্মু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সীমা বাথরুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনার পারমিট দিলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।