‘আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।

বুধবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, আমার আসলে বলার কিছু নেই। আমি আঠারো বছর ধরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি কী কখনো মিথ্যা কথা বলেছি? মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি? আমি কী দখলবাজি করেছি? সকল ধর্মের জন্য সমানভাবে কাজ করেছি। এই যে আপনাদের কাছে এসে মিথ্যা কথা বলছে যে এই র‌্যালি বাগান আমি তুলে দেব এটা কী সঠিক? আমার বাবা আপনাদের সঙ্গে রাজনীতি করেছেন। আমার স্কুল জীবন এখানে কেটেছে। আমরা এখানেই থাকতাম। 

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ঋষিপাড়ায় আমরা তিনটা বিল্ডিং করছি দশ তলা করে। অনেকেই তো জানেন ঋষিপাড়া বস্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আট একর জায়গা জুড়ে অবস্থিত। আমিতো সেই বস্তি তুলে দিইনি। আমি আঠারো বছর যাবৎ আপনাদের শহরে। তাহলে আমার বিরুদ্ধে নির্বাচন আসলেই যারা মিথ্যা কথা বলে তাদের কখনো বরদাশত করবেন না। সকলে নৌকা মার্কায় ভোট দেবেন।

'শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না'- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরও তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন। ‘তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন’।