নারায়ণগঞ্জে রাতে নয়, দিনে মানুষ যেন ভোট দিতে পারে: আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি অংশ নিয়ে বলেছেন, নারায়ণগঞ্জে রাতে ভোট নয়, দিনের ভোটে মানুষ যেন ভোট দিতে পারে।

বুধবার দুপুরে শহরের খানপুরে নির্বাচনী পথসভা ও প্রচারণায় অংশ নিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, নারায়ণগঞ্জ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। যেন বাংলাদেশ আজকে নারায়ণগঞ্জকে দেখে ভবিষ্যতে যে নির্বাচন হবে তা সুষ্ঠু হয়। রাতের ভোট যেন না হয়। দিনের ভোটে যেন মানুষ ভোট দিতে পারে।

তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ১৬ তারিখ কেন্দ্রে যাবেন, কেন্দ্র পাহারা দেবেন। আপনারা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন। তৈমূর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে, হ্যাঁ, নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে। এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৈমূর আলম খন্দকারকে বিজয়ী করেই আপনারা ঘরে ফিরবেন। কোনো হুমকিতে ভয় করবেন না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, আমি এই প্রথম দেখেছি কোন নির্বাচনে একজন মেয়র পদপ্রার্থী আরেকজন মেয়র পদপ্রার্থীর সঙ্গে সম্মানজনক ভাবে কথা বলছেন। এইটা আমার খুব ভালো লেগেছে। দুজনই ভদ্র লোক ও ভদ্র মহিলা নির্বাচন করছেন এখান থেকে। আমরা চাইব সুষ্ঠু রায় ও সুষ্ঠু নির্বাচন। জয় হোক হাতি মার্কার, জয় হোক নারায়ণগঞ্জবাসীর।

আসিফ আরও বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাজ সরকার, লুটেরা সরকারের কার্যকলাপের প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।