শিক্ষকদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা।
অবরোধ চলাকালে এক শিক্ষার্থী বলেন, ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনিয়ম করে আসছেন। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সঠিকভাবে দিলেও শিক্ষকরা তাদের নম্বর কম দিচ্ছেন। প্রতিবাদ করা হলে টিসি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে। শিক্ষকরা ব্যবহারিক ক্লাসের নামে মাঠে কাজ করান। ঠিকমতো ক্লাস নেন না। এখানে ভর্তিতে ৭০০ টাকা বেশি নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাসের কার্যালয়ে গেলে তিনি বলেন, ‘ব্যস্ত আছি, পরে কথা হবে।’