বহু মানুষের প্রাণ রক্ষাকারী স্বর্ণপদক জয়ী ইঁদুরের মৃত্যু

কম্বোডিয়ায় বহু মানুষের প্রাণ বাঁচানো স্বর্ণপদক জয়ী এক ইঁদুর মারা গেছে। তার নাম মাগাওয়া। ৮ বছর বয়সে গত সপ্তাহের শেষের দিকে সে মারা যায়। মাটির নিচে পুঁতে রাখা শতাধিক মাইন খুঁজে বের করে অসংখ্য মানুষের প্রাণ রক্ষায় ভূমিকা রেখেছিল ইঁদুরটি।

বিবিসি জানিয়েছে, ৮ বছর বয়সী এই ইঁদুরটি গত বছরের জুন মাসে অবসরে যায়। অবসরে যাওয়ার আগে মোট পাঁচ বছরের ক্যারিয়ারে সে ১০০টিরও বেশি ল্যান্ডমাইন ও বিস্ফোরক খুঁজে বের করে। আর এর মাধ্যমেই মাগাওয়া মূলত সাধারণ মানুষের জীবন রক্ষা করে হিরো হয়ে ওঠে।

বিভিন্ন যুদ্ধ ও সংকটের সময় যেখানে-সেখানে পুঁতে রাখা প্রাণঘাতী মাইন খুঁজে বের করতে ইঁদুরকে প্রশিক্ষণ দিয়ে থাকে ইউরোপের বেলজিয়ামভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো। গত শতাব্দীর ৯০-এর দশক থেকে বহুসংখ্যক ইঁদুরকে এই প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি। মাইন খুঁজে বের করার প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র‌্যাটস’।

প্রশিক্ষণের পর মাইন খুঁজে বের করতে অ্যাপোপোর নিয়োগ করা সব ইঁদুরের মধ্যে মাগাওয়াকে সবচেয়ে সফল বলে মনে করা হয়। মাটির নিচ থেকে মাইন ও অন্যান্য বিস্ফোরক খুঁজে বের করার কাজে বেলজিয়ামভিত্তিক দাতব্য এই প্রতিষ্ঠানটি আফ্রিকান জায়ান্ট পাউচড জাতের ইঁদুরকে বেছে নিত। এক বিবৃতিতে অলাভজনক এই সংস্থাটি জানায়, ‘মাগাওয়ার স্বাস্থ্য বেশ ভালোই ছিল এবং পার হয়ে যাওয়া সপ্তাহগুলোর বেশিরভাগই সে পরিচিত উদ্যমেই খেলাধুলা করে কাটিয়েছে। কিন্তু গত সপ্তাহান্তের আগে তার মধ্যে ধীর গতি লক্ষ করা যায়। এ সময় সে ঘুমাতো বেশি এবং খাবারের প্রতি আগ্রহ কমে যেতে দেখা যায়। আর সপ্তাহান্তে সে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’