বাউল সেজে পালিয়ে থাকা ‘সিরিয়াল কিলার’ গ্রেপ্তার

বেশভূষা পরিবর্তন করে বাউলের বেশ ধরে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকা এক ‘সিরিয়াল কিলার’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার সেলিম ফকির পরিচয় লুকিয়ে বাউল বেশে দেশের বিভিন্ন মাজার, রেলস্টেশনে ঘুরে বেড়াতেন। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার সেলিম ফকির ভয়ংকর সিরিয়াল কিলার। ভাঙা তরী ছেঁড়া পাল গানের বাউল মডেল সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।’

কমান্ডার মঈন জানান, দেশের উত্তরাঞ্চলে সেলিম ফকিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সাজাও হয়েছে। কিন্তু তিনি বিভিন্ন বেশভূষা ধারণ করে নানা পরিচয়ে দেশের বিভিন্ন মাজার বা রেলস্টেশনে আত্মগোপন করে ছিলেন।

সেলিম চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে।