চেম্বার আদালত ভার্চুয়ালি চলবে সপ্তাহে চার দিন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার থেকে সপ্তাহে চারদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি চলবে। গতকাল বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামী ১৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার আড়াইটায় শুধু তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ওই বছরের ৯ মে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করা হয়। তখন থেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়। পরে এ অধ্যাদেশটি আইনে পরিণত হয়। গত বছর দীর্ঘ সময় উচ্চ আদালতের কার্যক্রম ভার্চুয়ালি চলে। ক্ষেত্রবিশেষে শারীরিক উপস্থিতিতেও হাইকোর্টে বিচারকার্যক্রম হয়।