দুপুরে জামিনে ছাড়া পেয়ে সন্ধ্যায় যুবক খুন

প্রতিপক্ষের করা মামলায় আদালত থেকে জামিনে কারামুক্ত হয়ে বাড়িতে আসার পর প্রকাশ্যে খুন হয়েছেন মো. জুলহাস ফকির (৩৫) নামে এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত মো. নওয়াব আলীর ছেলে। তাকে হত্যায় জড়িত অভিযোগে মুজিবুর রহমান (৭০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর জুলহাসের সঙ্গে বেপারিপাড়া গ্রামের মুজিবুরের ছেলে দুলালের ঝগড়া হয়। এর জেরে ওই দিন বিকেলে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এ ঘটনায় দুলালের বাবা মুজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গতকাল জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে যান জুলহাস। সেখানে দুলালের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাকে কুপিয়ে আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হতাহতের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা দেশ রূপান্তরকে বলেন, ‘জুলহাস হত্যার সঙ্গে জড়িত মুজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’