পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পসহ বিভিন্ন সংস্থার প্রকল্পনির্ভর কার্যক্রম পরিকল্পিত নগরী গড়ে তোলায় বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা অপরিকল্পিত এই শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছি, পরিকল্পিত রূপ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অযাচিতভাবে, অনাকাক্সিক্ষতভাবে বিভিন্ন সংস্থা এখনো আগ্রাসন করে যাচ্ছে।’
গতকাল বুধবার দুপুরে নগরীর গুদারাঘাটস্থ ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন জিরানী খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গত বছর থেকে আমরা খালগুলো থেকে বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রম আরম্ভ করেছি। এ বছরও যথারীতি আমরা সময়মতো শুরু করেছি। আপনারা জানেন, ইতিমধ্যে এ বছরও জিরানী খালের বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রম শুরু করেছি। সেটাই আমি আজকে পরিদর্শনে এসেছি। গত বছর এই কার্যক্রমের সুফল ঢাকাবাসী পেয়েছে। আপনারা লক্ষ করেছেন, চার মাস বৃষ্টি হওয়া সত্ত্বেও শুধু প্রথম দিকে কিছু জলাবদ্ধতা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা এক ঘণ্টার মধ্যেই সেই জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হয়েছি।’