হামলার প্রতিবাদে টিএসসিতে কাওয়ালি-প্রতিবাদী গান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গতকাল বুধবার কাওয়ালি গানের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সেখানে কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলসিলা ব্যান্ডের ব্যানারে এই আয়োজন শুরু হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গতকালের হামলার প্রতিবাদে আজ প্রতিবাদ হিসেবে কাওয়ালি গান গাইবেন তারা।

সিলসিলা ব্যান্ডের লুৎফর রহমান বলেন, গতকালকের হামলায় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এই আয়োজনের আগে ‘কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ’ ব্যানারে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বিকেল ৫টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে হয় সমাবেশ।

হামলার প্রতিবাদে দুপুরে বাম সংগঠনগুলো মিছিল করে। দুপুর ১টায় টিএসসি থেকে মিছিল নিয়ে রোকেয়া হল ও কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে প্রক্টর অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।

গতকাল টিএসসির পায়রা চত্বরে কাওয়ালি গানের আসরে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চে হামলা, চেয়ার ভাঙচুর ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ করেন আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা।

তবে হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দাবি করেন, এ হামলায় ছাত্রলীগের কেউ জড়িত নয়।

কাওয়ালি আয়োজন করবে প্রগতিশীলরা, ‘মৌলবাদীদের’ করতে দেবে না ছাত্রলীগ: সাদ্দাম