সিরাজগঞ্জের সেই যুবককে ককটেল-খেলনা পিস্তলসহ গ্রেপ্তার

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া দেয়া মো. সুমন খলিফা (২৪) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।

বৃহস্পতিবার দুপুরে ৫টি ককটেল ও একটি খেলনা পিস্তলসহ তাকে পৌর এলাকার মাছুমপুর উকিলপাড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন কোলগয়লা মহল্লার বাসিন্দা।

এ বিষয়ে এলাকাবাসী জানায়, গত ৩০ ডিসেম্বর ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে অস্ত্রধারী এই যুবককে একটি পিস্তল থেকে ফিল্মি স্টাইলে গুলি ছুড়তে দেখা যায়। যা পরে ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিটি পরদিন দেশ রূপান্তরের প্রথম পাতায় ছাপা হয়। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। সেই থেকে পুলিশের একাধিক সংস্থা তাকে গ্রেপ্তারে মাঠে নামে। বিষয়টি আঁচ করতে পেরে ওই যুবক আত্মগোপন করে। দীর্ঘ চেষ্টার পর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। 

এ বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, গত ৩০ ডিসেম্বর জেলা বিএনপির সমাবেশ চলাকালে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া দেয় মো. সুমন খলিফা। দীর্ঘ চেষ্টার পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে চিহ্নিত করা হয় ও এদিন মাছুমপুর মহল্লার উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছে থেকে ৫টি তাজা ককটেল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।