রিশভ পন্তের রোমাঞ্চকর সেঞ্চুরিতে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিয়েছে ভারত। যে লক্ষ্যে পথে ছুটতে থাকা প্রোটিয়ারা তৃতীয় দিন শেষ করল সুবিধাজনক অবস্থানে থেকে।
বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের জয়ের জন্য চাই আর ১১১ রান, হাতে ৮ উইকেট।
প্রথম টেস্ট ভারত জেতার পর দ্বিতীয় টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে যে দল জিতবে সিরিজ জিতবে তারাই।
আগের দিনের ২ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। শেষ পর্যন্ত দলটির দ্বিতীয় ইনিংস থামে ১৯৮ রানে।
সতীর্থদের ব্যর্থতার মাঝে একপ্রান্তে লড়াই করেন পন্ত। ১৩৯ বলে ১০০ রানে অপরাজিত থেকে যান তিনি। ৬ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস।
প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন মার্কো জানসেন। প্রথম ইনিংসে যিনি ৩ উইকেট নিয়েছিলেন। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি পেয়েছেন ৩টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় টেস্টের নায়ক ডিন এলগার ভালো জুটি গড়েন কেগান পিটারসেনের সঙ্গে। দলীয় ২৩ রানে আইডেন মারকরাম (১৬) ফিরে যান। এরপর পিটারসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করে এলগার।
দিনের শেষ বলে এলগার ফিরে গেছেন ব্যক্তিগত ৩০ রানে। প্রোটিয়ারা ২ উইকেটে ১০১ রানে দিন শেষ করেছে। পিটারসেন ৬১ বলে ৪৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৭২ রান করেছিলেন এই ডানহাতি। প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ২১০ রান।