করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জারি করা বিধিনিষেধের মধ্যে দলের জেলা সমাবেশের কর্মসূচি চলবে কি না সে বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত জানাবে বিএনপি। বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হওয়ায় এবং সারা দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য আপাতত জেলা সমাবেশের কর্মসূচি স্থগিত করা হতে পারে। পরবর্তীকালে আবার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সমাবেশের তারিখ ঘোষণা করা হতে পারে।’
গতকাল নওগাঁয় যে সমাবেশ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে কেন্দ্রের নির্দেশে নওগাঁ জেলার সমাবেশ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীকালে জেলা সমাবেশের তারিখ জানানো হবে।’
সরকারি বিধিনিষেধ জারি করার আগে বিএনপির কয়েকজন নেতা দেশ রূপান্তরকে বলেছিলেন যে, তারা বিধিনিষেধের মধ্যে তাদের সমাবেশ কর্মসূচি চালিয়ে যাবেন। দ্বিতীয় দফায় ৩২টি জেলায় দলটির সমাবেশ কর্মসূচি শুরু হয় ১২ জানুয়ারি। চলার কথা ছিল ২৮ জানুয়ারি পর্যন্ত।
তবে গতকাল সন্ধ্যায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা জেলা সমাবেশ সফল করার প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। সমাবেশ হবে না অথবা পেছানো হবেসে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’