‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে আগামীকাল শনিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ৯ দিনের এ উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে লেবানন ও জার্মানির যৌথ প্রযোজিত এবং মারিয়া ইভানোভা জেড পরিচালিত ‘দ্য অ্যাঙ্গার’।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় উৎসব আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, বাংলাদেশ বার্ডস ক্লাবের সভাপতি জালাল আহমেদ, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, উৎসবের প্রধান প্রোগ্রামার, ইরানি নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক জোহরে জামানি। সঞ্চালনা করেন অধ্যাপক কিশোয়ার কামাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে অংশ নেওয়া পূর্ণদৈর্ঘ্য (৫০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪০টি, যার মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ১৮টি পূর্ণদৈর্ঘ্য। এ ছাড়া আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগিতায় চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘অষ্টম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ) ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে।
শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।