পুরান ঢাকায় সাকরাইন উৎসবকে ঘিরে আতশবাজি, শব্দ ও বায়ুদূষণকারী কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় ক্যাপস। আজ শুক্রবার পুরান ঢাকায় ঐতিহ্যবাহী পৌষসংক্রান্তির উৎসব।
বিজ্ঞপ্তিতে ক্যাপস বলছে, কয়েক দিন আগেই খ্রিস্টীয় নববর্ষের আগের রাতে রাজধানী জুড়ে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো হয়। এ সময় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। সে রাতে তাদের পক্ষ থেকে বায়ু ও শব্দদূষণ পরিমাপ করে দেখা যায় রাতে দিনের অন্য সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি শব্দ ও ৩৩ শতাংশ বেশি বায়ুদূষণ হয়েছে।