পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো জয়। সৌদি আরবের রিয়াদে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেতিক বিলবাও।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর কয়েক মিনিটের মধ্যে পাল্টে যায় ম্যাচের ফলাফল। ৬২তম মিনিটে গোলরক্ষক উনাই এমেরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অ্যাথলেতিক।
৭৭তম মিনিটে হেডে বিলবাওকে সমতায় ফেরান ইয়েরে আলভারেস। এরপর ৮১তম মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন বদলি হিসেবে মাঠে নামা ইনাকি উইলিয়ামসের ভাই নিকো উইলিয়ামস। দুই ভাই-ই খেলছেন বিলবাওয়ের হয়ে।
রিয়াদে রবিবারের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাথলেতিক। সুপার কাপের আরেক সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
অ্যাতলেতিকো জিতলে সুপার কাপের ফাইনালটিই হয়ে যেত মাদ্রিদ ডার্বি। তবে দুর্দান্ত জয়ে রিয়াদে মাদ্রিদের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই হতে দিল না বিলবাও।
সৌদিতে এই টুর্নামেন্ট হয় লা লিগার আগের মৌসুমের শীর্ষ দুই দল এবং কোপা দেল রে’র দুই ফাইনালিস্টদের নিয়ে।