হ্যারি টেক্টরের অপরাজেয় ফিফটি এবং ম্যাচ সেরা অ্যান্ডি ম্যাকব্রিনের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতায় ফিরল আয়ারল্যান্ড। জ্যামাইকার সাবিনা পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ডার্কলুইস মেথডে ৫ উইকেটে জিতেছে আইরিশরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভারে ২২৯ রানে থামে উইন্ডিজ। ১৪৩ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবিয়ানরা। সেখান থেকে তাদের লড়াকু পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড ও ওডিন স্মিথ। ম্যাকব্রিনের বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৫০ রান করেন শেফার্ড। ১৯ বলে ৪৬ রানের ক্যামিও উপহার দেন স্মিথ।
তবে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৩৬ ওভারে। টার্গেট দাঁড়ায় ১৬৮ রান। জবাব দিতে নেমে ২২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। টেক্টরের অপরাজিত ৫৪ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৮ রান করে তারা।
এই ম্যাচে ২১ রান করে প্রথম আইরিশ হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক-ওপেনার পল স্টার্লিং। সেই সঙ্গে আয়ারল্যান্ড ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে জিতল ৭ বছর পর। ক্যারিবিয়ানদের বিপক্ষে আইরিশরা শেষবার জিতেছিল ২০১৫ সালের ফেব্রুয়ারিতে, নেলসনে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ১-১ ব্যবধানে সমতায় ফিরল আয়ারল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে ১৬ জানুয়ারি, কিংস্টনে।