আইভীর সমাবেশের জন্য ট্রাক দিয়ে প্রধান সড়ক বন্ধের সমালোচনা

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বন্ধ করে বিশাল সমাবেশের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী।

শুক্রবার বিকেল ৩টায় ২ নম্বর রেলগেইট এলাকায় সমাবেশ করার জন্য সকাল থেকে ৪টি বালুর ট্রাক এনে রেখে বন্ধ করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কের একপাশ।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। মাসদাই এলাকায় জুমার নামাজ শেষে তৈমূর আলম খন্দকার বলেন, আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী শুরু থেকেই একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে নানা কর্মকাণ্ড করছে। আর আমি কিছু করতে গেলেই বাধা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশন, জেলা প্রশাসন তাকে বাধা দিচ্ছে না। বুধবার শহরের খানপুর এলাকায় স্মরণকালের বৃহৎ পথসভা করেছি। কিন্তু আচরণবিধি লঙ্ঘন হবে বলে মঞ্চ করিনি। আজ বন্দরে সিরাজদৌলা মাঠ থেকে বিশাল শোডাউন হবে।

সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কের একপাশ বন্ধ করে ৪টি ট্রাক দিয়ে নির্বাচনী মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে বিকেল ৩টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর নির্বাচনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এখানে কেন্দ্রীয় ও জেলা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত।