ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ময়মনসিংহে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরতলির চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিবাজার সেনবাড়ী এলাকার মো. ফজলুল হকের ছেলে বাবু (২৫), একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন (১৮) ও মো. ইসলামের ছেলে মো. রিপন (৩০)।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা থেকে শম্ভুগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক শম্ভুগঞ্জের দিকে থেকে টোল প্লাজার দিকে আসছিল।

তিনি বলেন, শহরতলির চায়না মোড় এলাকায় ড্রাম ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি আটক করেছে বলে জানিয়েছেন ওসি।