লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) শপথ গ্রহণের আগেই স্ট্রোক করে মারা গেছেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়।
দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়লাভ করেন। এ জন্য দল থেকে বহিষ্কার হতে হয়েছে তাকে। কিন্তু শপথ নেয়ার আগেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।
ইউপি সচিব আবদুল কাদের বলেন, ‘ইসমাইল হোসেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় এখনো তার শপথ গ্রহণ করা হয়নি।
তিনি দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।