ম্যাচের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলল আর্সেনাল। সেই সুবিধা কাজে লাগিয়ে আক্রমণে আধিপত্য করে লিভারপুল। কিন্তু গোল না পাওয়ায় হতাশ হতে হয় অলরেডদের। অ্যানফিল্ডে বৃহস্পতিবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২৪ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানিত জাকা।
২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিপক্ষেই সবচেয়ে বেশি (৪৩) গোল করেছিল লিভারপুল। অথচ বৃহস্পতিবার ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে ক্লপের দল। আর্সেনালের তিন শটের একটি ছিল লক্ষ্যে। সেমিফাইনালের প্রথম লেগ হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, আর্সেনালের মাঠে। কিন্তু লিভারপুল শিবিরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ম্যাচটি স্থগিত হয়। ফলে অ্যানফিল্ডের ম্যাচটি বিবেচিত হচ্ছে প্রথম লেগ হিসেবে। দ্বিতীয় লেগ হবে আগামী বৃহস্পতিবার আর্সেনালের মাঠে।