খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা ইউজিসির

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম নিয়ে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের উদ্যোগ থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে ২০২০ সালের ১৭ অক্টোবর দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়োগ দিতে মরিয়া ভিসি শহীদুর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর তদন্তে নামে ইউজিসি।

ইউজিসির চিঠিতে বলা হয়েছে, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি কাজ করছে এবং কমিটি শিগগিরই প্রতিবেদন দাখিল করবে। গত বছরের ৪ নভেম্বর ও ৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা চিঠির নির্দেশনা প্রতিপালন এবং ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের আগে কোনো ধরনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সমীচীন নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা ইউজিসি কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে গত বছর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু এর মধ্যেই ১৭ থেকে ১৮ জানুয়ারি ও ২০ থেকে ২৩ জানুয়ারি বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।