নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হতে বললেন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন তিনি।
এসপি জায়েদুল বলেন, নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না। আগামীকাল (ভোটের দিন) নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেবো। যারা কাল শহরে বের হবেন, আপনারা পরিচয়পত্র নিয়ে বের হবেন। কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা ছাড় দেবো না।
আরও বলেন, সবার প্রতি আহ্বান, কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা না করে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানেই থাকব। মা-বোনেরাসহ যারা আছেন, আপনারা সকলে ভোটকেন্দ্রে আসবেন। কেউ বাধা দিলে আমরা কঠোর ব্যবস্থা নেবো। কোনো বহিরাগত নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না।