কোহলিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত: ভন

কেপটাউন টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ খুইয়েছে ভারত। তবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আলোচনায় থাকল ‘ডিআরএস’ বিতর্কের কারণে। 

ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের লেগ বিফোর আউট না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ‘স্টাম্পের মাইকে’ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বিরাট কোহলি-লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিন।

তবে স্টাম্পের মাইকে ক্ষোভ প্রকাশের ধরনটা মোটেও ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। যার জন্য ভারতের অধিনায়ক কোহলির শাস্তি চেয়েছেন তিনি।  

হোবার্টে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। সেখানে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সময় পার করছেন ভন। তার মাঝেই কেপটাউনে কোহলিদের এমন কাণ্ড চোখে পড়েছে তার। এ বিষয়ে আইসিসির কাছে ভারত অধিনায়কের শাস্তি চেয়েছেন ভন।

অস্ট্রেলিয়ার ফক্সস্পো র্টলিশ ধাসকে ইংরাভাষ্যকার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতীয়দের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। যে কোনো সিদ্ধান্ত কখনো পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। তাদের মনে হয়েছে, এটা তাদের পক্ষে যাওয়া উচিত ছিল। কোহলি ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়। টেস্ট ক্রিকেটে এমন আচরণ ঠিক নয়।’

ভন আরও বলেন, ‘আইসিসিকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। স্টাম্প মাইক্রোফোনে অশ্বিন ও কোহলি যা করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

কোহলির শাস্তির বিষয়ে ভন জানান, একজন অধিনায়ক হিসেবে তার এমন আচরণ মেনে নেওয়া যায় না। তার জরিমানা হওয়া উচিত, সম্ভব হলে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। একজন অধিনায়ক হিসেবে একটা আন্তর্জাতিক ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না।'

কেপটাউনে দ. আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দেয় ভারত। তৃতীয় দিন সেই টার্গেটে ব্যাট হাতে নেমে ইনিংসের ২১তম ওভারে এলগারের বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেন স্পিনার অশ্বিন। সেই আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন দ. আফ্রিকার অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস।

এতে রিভিউ নেন এলগার। রিভিউতে দেখা যায়, বল উইকেটের ওপর দিয়ে চলে যাচ্ছে। অথচ বল নিচের দিকেই ছিল। কিন্তু টিভির সেই রিপ্লে দেখে এবং থার্ড আম্পায়ার আউট বাতিল করলে ক্ষোভে ফুঁসে উঠে কোহলির দল।

স্টাম্প মাইকের কাছে গিয়ে ঝুঁকে ভারত অধিনায়ক বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভালো খেললে। শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সবসময় লোককে ধরতে চাইছে।’