সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃষ্টি আক্তার (২৫) নামে ওই নারী শ্রমিকের স্বামী আসাদুলের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসাদুল।
শনিবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃষ্টি আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী আসাদুল ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের বাসিন্দা। বৃষ্টি আক্তার আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্স টাউন কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন ও তার স্বামীও একই গার্মেন্টস অপারেটর পদে কাজ করতেন।
থানা-পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ওই নারীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ভাড়া ঘরে রেখে পালিয়ে যায় নিহতের স্বামী। স্থানীয়রা ঘরের ভেতর লাশ দেখে আশুলিয়া থানায় খবর দেয়। পরে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত বৃষ্টির ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, সকালে গ্রামে থাকা বৃষ্টির খালা আসমা বেগমকে ফোন করে আসাদুল বলেন, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছে। আপনারা তাকে নিয়ে যান, এই বলে ফোন কেটে বন্ধ করে দেয়। পরে আমরা খুঁজতে খুঁজতে তাদের ঠিকানায় এসে জানতে পারি বৃষ্টিকে হত্যা করে পালিয়েছে আসাদুল।
তিনি আরও বলেন, বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আসাদুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এই সব ক্ষোভ থেকে বৃষ্টি হত্যা করেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানিম হোসেন বলেন, নিহতের মরদেহটি বিছানার ওপর পেয়েছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা পারিবারিক কলহের জের স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।