পিএসজির আয়ে বাড়তি গতি এনেছেন মেসি

পিএসজিতে মাত্র ৫ মাস পার করলেন লিওনেল মেসি। নানা কারণেই এখনো নিজেকে সেরা রূপে খুঁজে পাননি তিনি। এই সময়ে ১৬ ম্যাচে ৬ গোল ও ৫ এসিস্ট এই আর্জেন্টাইন সুপারস্টারের।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মেসি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন কেবল। তবে মাঠের বাইরে পিএসজির জন্য অনেক বেশি প্রভাব ফেলেছেন তিনি।

মেসির আগমন পিএসজির জন্য ৮টি নতুন স্পনসরশিপ চুক্তিতে বড় প্রভাব রেখেছে। সঙ্গে পুরোনো বেশ কিছু স্পনসরশিপ চুক্তি নবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেসির উপস্থিতি।

পিএসজির স্পনসরশিপ ডিরেক্টর মার্ক আর্মস্ট্রং বলেছেন, ‘২০২১ সালে আমাদের আয় যে পরিমাণ বৃদ্ধি পাবে তা হবে উল্লেখযোগ্য। এটা ২০২০ সালের তুলনায় হবে ১০ শতাংশ বেশি।’

তিনি আরো বলেন, ‘কোপা আমেরিকায় মেসি সেরা ছন্দে ছিলেন এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগেও তিনি সেই ধারা বজায় রেখেছেন। মেসি একা নন, (জিয়ানলুইজি) দোন্নারুমা, (আশরাফ) হাকিমি ও (কিলিয়ান) এমবাপ্পেও ভূমিকা রেখেছেন।’

২০২০ সালে পিএসজির বাণিজ্যিক আয় ছিল ২৩৫ মিলিয়ন ইউরো। যা তাদের মোট আয়ের ৫৪ শতাংশ। ২০২১ সালে যা আরো বাড়তে যাচ্ছে।

১০ আগস্ট মেসির সঙ্গে চুক্তি হয় পিএসজির। এর মধ্যে তার কল্যাণে ৮টি নতুন পার্টনার পেয়েছে ক্লাবটির। যার মধ্যে রয়েছে ডিয়ার, ক্রিপ্টোর মতো বিখ্যাত প্রতিষ্ঠান।

নাইকি ২০৩২ সাল পর্যন্ত প্রতি বছর ৭৫ মিলিয়ন ইউরোতে পিএসজিকে কিটস সরবরাহ করতে থাকবে। কোকা কোলাও ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে।

মেসির আগমনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএজির ফলোয়ার বেড়েছে ১৫ মিলিয়ন। লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব বেড়েছে। মেসির চুক্তির আগে যা অনেক সস্তায় বিক্রি হতো।

এদিকে বাজারে জার্সি বিক্রিও বেড়েছে অনেক। ২০২১ সালে ১ মিলিয়ন জার্সি বিক্রি করেছে পিএসজি। আগের বছরের তুলনায় যা অনেক বেশি। এটা মনে করা হয় যে, ৩০-৪০ শতাংশ বৃদ্ধি মেসি অবদান রেখেছেন।

আরো পড়ুন

পিএসজির জন্য মেসি যেন ‘সোনার হরিণ’