বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ বলেছেন, ‘বিদেশে লবিস্ট নিয়োগ করে লাভ হবে না, তদবির করে ক্ষমতা টিকানো যাবে না। কারণ, বিশ্ববিবেক জেগে উঠেছে, মানবাধিকার সংগঠনগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে। সরকার যতই লবিস্ট নিয়োগ করুক সত্যকে আর ধামাচাপা দেওয়া যাবে না।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরি এস ইসলামের মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে চূড়ান্ত বিজয়ের আগে বুদ্ধিজীবী ও শিক্ষকদের হত্যা করা হয়েছিল। কিন্তু তারপরও পাকিস্তানিরা বিজয় অর্জন করতে পারেনি। বরং তাদের পতন হয়েছে। নব্বইয়ে এরশাদের পতনের প্রাক্কালেও স্বৈরাচার এরশাদ ক্ষমতায় টিকে থাকতে পেশাজীবী নেতা ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মিলনকে হত্যা করেও তার পতন ঠেকাতে পারেনি।