‘জনস্রোত আমার দিকে’, ভোট দিয়ে বললেন তৈমূর

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই নিজের ভোটটি দিলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার। হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে ভোট দেন তৈমূর।

এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ভোটদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে, পরিবর্তনের দিকে আছে ইনশা আল্লাহ।আপনারা অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন।’

তৈমূর আলম ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও ছয়জন। এদের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বর্তমান মেয়র ও নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

মেয়র প্রার্থী হিসেবে আরও আছেন খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাসুম বিল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)।

এ ছাড়া সিটির ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।