দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, ভয়ে কেন্দ্র ছাড়ল ভোটাররা

নারায়ণগঞ্জের বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতির ঘটনা এতে ভোটাররা ভয়ে কেন্দ্র ছেড়ে যায়।

রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

২৩ নম্বর ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ লাটিম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করছেন। সাইফুদ্দিন আহমেদ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী। ঠেলাগাড়ি প্রতীকের আবুল কাউসারের বাবা সাবেক সাংসদ আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাটিম প্রতীকের কয়েকজন সমর্থক কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। এ সময় ঠেলাগাড়ি পক্ষের একজন সমর্থক তা নিয়ে পুলিশের কাছে আপত্তি জানালে লাটিম প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কেন্দ্রের বাইরে থাকা ভোটাররা ভয় পেয়ে কেন্দ্র ছেড়ে চলে যায়।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন, দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে স্ট্রাইকিং ফোর্স এসে কেন্দ্রের সামনে অবস্থান নেয়। এখন পরিস্থিতি শান্ত আছে।

তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে। ইভিএম পদ্ধতি নতুন হওয়ায় কিছুটা ধীরগতিতে ভোট হচ্ছে।