শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরের সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে ক্যাম্পাসে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায়  তিন দফা দাবি না মানায় এবং ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর ড. আলমগীর কবিরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে দ্বিতীয় ছাত্রী হলের সামনে এসে শেষ হয়। এ সময় তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— প্রভোস্ট কমিটি পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।