শান্তি নয়, সংশোধনের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: কৃষিমন্ত্রী

র‌্যাব এবং সংস্থাটির সাত শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘পানিশমেন্ট নয়, সংশোধনের জন্য’ বলে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মিলার রবিবার কৃষিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করতে যান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন ড. রাজ্জাক।

মতবিনিময়ের সময় র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে কী আলোচনা হয়েছে, তা মন্ত্রীর কাছ থেকে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেন মানবাধিকার রক্ষায় আরও সতর্ক হয় বা পরিস্থিতির উন্নতি হয়, এ কারণেই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।’

তিনি আরও বলেন, ‘মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে। র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে (রাষ্ট্রদূত) বলেন, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যাতে আর এমন না হয়। কোনো পানিশমেন্ট নয়, সংশোধনের জন্য এই নিষেধাজ্ঞা বলে দাবি করেন তিনি।’

গত ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

বাইডেন সরকারের দাবি, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এলিট ফোর্স র‌্যাব প্রায় ৬০০ জনকে গুম করেছে। তবে র‌্যাব ওই সময় বলে, তারা কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি। বরং মানবাধিকার রক্ষা করতে গিয়েই সাবেক গোয়েন্দা প্রধানসহ ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন।