সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভুলবশত অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া এক কৃষকের ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার উদ্ধার টাকা মালিকের কাছে বুঝিয়ে দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বৃহস্পতিবার ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর পৌরসভা কেশবপুর এলাকার কৃষক সুলতান মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, কেশবপুর গ্রামের সুলতান মিয়ার কাছে তার ছোট ভাই গার্মেন্টস কর্মী এমরান মিয়া বাড়িতে ঘর সংস্কারের জন্য ঢাকার মিরপুর থেকে বিকাশের মাধ্যমে সুলতান মিয়ার বিকাশ নম্বরে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত অন্য নম্বরে পাঠিয়ে দেন। পরবর্তীতে উক্ত নম্বরে যোগাযোগ করলে মুঠোফোন নম্বরটি বন্ধ পায়। পরে ঘটনাটি উল্লেখ করে সুলতান মিয়া জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
এর প্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওবায়দু্ল্লাহ তদন্তের দায়িত্ব নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে বন্ধ থাকা মোবাইল নম্বরের মালিককে খুঁজে বের করে এমরান মিয়ার পাঠানো ৪৫ হাজার টাকা উদ্ধার করেন।
টাকা ফেরত পেয়ে সুলতান মিয়া বলেন, পুলিশের আন্তরিকতায় দ্রুত টাকা ফেরত পেয়ে আমি খুশি। পুলিশ আন্তরিকভাবে সহযোগিতায় এগিয়ে না এলে ভাইয়ের পাঠানো ঘর সংস্কারের টাকা হারিয়ে ফেলতাম।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভুল করে বিকাশের মাধ্যমে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দিতে পেরে খুব ভালো লাগছে।