মাঘের শুরুতেই জেঁকে বসছে শীত, ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ

মাঘ মাসের শুরুতেই সারা দেশে শীতের আমেজ জেঁকে বসছে। এরই মধ্যে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ইতিমধ্যে দুই দিন ধরে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবারের মধ্যে রংপুর বিভাগের বেশির ভাগ এলাকা এবং রাজশাহী ও খুলনার প্রায় অর্ধেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

রবিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বার্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অধিদপ্তর জানায়, সারা দেশে শীতের ঠান্ডা বাতাস বইছে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার গতিতে। সেই সঙ্গে কুয়াশাও বাড়তে শুরু করেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ছিল। কুয়াশা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, শীতের এই সময়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময়ে সাধারণত দেশের প্রায় অর্ধেক এলাকায় শৈত্যপ্রবাহ থাকে। কিন্তু ৫ জানুয়ারির পর থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছিল।

রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামের রাজারহাটের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্য এলাকাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

আবহাওয়াবিদরা জানান, চলতি মাসেই দেশে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।