ভর্তি পরীক্ষায় ১৫ মিনিট দেরিতে পৌঁছানোয় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অপেক্ষমাণ তালিকায় থাকা ২১ শিক্ষার্থীর ভর্তি নিয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। তাদের রিপোর্ট করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী এএম মাসুম।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১৩ জানুয়ারি থেকে ওই বিশ^বিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। কিন্তু ২১ শিক্ষার্থী মাত্র ১৫ মিনিট বিলম্বে পৌঁছানোয় তাদের ভর্তি কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। এটি আদালতের নজরে আনার পর হাইকোর্ট রুল দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন কেন এই সিদ্ধান্ত অবৈধ হবে না।’