আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিস না রে টাচ, নাচ ময়ূরী নাচ— কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে এলো টিএম রেকর্ডসের নতুন গান ‘নাচ ময়ূরী নাচ’।
লুইপার জাদুকরী কণ্ঠে গানের সঙ্গে পারফর্ম করেছেন টলিউড নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। কয়েক দিন আগে টিজার প্রকাশে ভীষণ উত্তেজনা ছড়িয়েছেন নায়িকা, রবিবার পুরো গান প্রকাশ হতেই আরেক দফা চড়ে গেল পারদ।
২৪ ঘণ্টার মাঝে গানটি রেকর্ডও ফেলেছে। ফেইসবুকে টিম রেকর্ডসের পেজে ‘নাচ ময়ূরী নাচ’ দেখা হয়েছে কোটিবারেরও বেশি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ক্ল্যাসিক্যাল ও রোমান্টিক ঘরানার বাইরে খুব একটা দেখা যায়নি লুইপাকে, এবার করলেন আইটেম ঘরানার গান। নিজেকে ভেঙে নতুন করে গড়ার পেছনের কারিগর হিসেবে সম্পূর্ণ কৃতিত্ব দিলেন পাওয়ার কাপল কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীকে।
‘তারা আমার কাছে সব সময়ই অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এ গানটিও আমার পূর্ববর্তী সব কাজের চেয়ে অনেক দারুণ এবং মূল্যবান একটা কাজ। তাপস ভাই একজন ভার্সেটাইল কম্পোজার। দেশের সব বয়সী মেধাবী শিল্পীদের নিয়ে সবার স্বকীয়তা বুঝে তিনি কাজ করছেন। আমার ক্ষেত্রেও তাই। এ গানটাতে আমাকে একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। পুরো গানটা শুনলে আমাকে খুঁজে পাওয়া যাবে নতুন করে। গানের কথা-সুর ও কম্পোজিশন সব মিলে যা দাঁড়িয়েছে তাতে আসলে টিএম কাপল বাংলা মিউজিককে যে জায়গায় নিয়ে যেতে চাইছেন তারই প্রতিফলন ঘটেছে।’
সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফরম্যান্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম।
নুসরাতও প্রচারণায় নেমেছেন। টিএম রেকর্ডসকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় নুসরাত বলেন, ‘টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেওয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেননা টিএম রেকর্ডস আমার একটা পরিবারের মতো।’
টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।