যুক্তরাষ্ট্র ও কানাডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ

যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে বড় ধরনের শীতকালীন ঝড় আঘাত হেনেছে। উপদ্রুত এলাকায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।

ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। তুষারপাতের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে তারা। এছাড়া এ সময়ে কোনো যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।