কিংস্টনেই আরেক ইতিহাস

পাকিস্তানের তৎকালীন কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যুর কথা মনে পড়ে? দিনটা ছিল ১৮ মার্চ, ২০০৭। বিশ্বের অন্যতম সেরা কোচের মৃত্যুর ঠিক আগের দিন কিংস্টনে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউসুফ, ইউনিস, ইনজামাম, উমর গুলের মতো তারকা সমৃদ্ধ পাকিস্তানকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে আয়ারল্যান্ড ম্যাচটা ৩ উইকেটে জিতেছিল। সেই কিংস্টনেই রবিবার আরেক ইতিহাস গড়ল আইরিশরা। শেষ ওয়ানডেতে উইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে তারা। আইসিসির টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জিতল আয়ারল্যান্ড।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং। শুরুটা ভালোই করেছিল উইন্ডিজ। বিনা উইকেটে ৭২ রানে পৌঁছে গিয়েছিল তারা। এরপর উইকেট হারাতে থাকে কাইরন পোলার্ডের দল। শেই হোপ, নিকোলাস পুরান, রোস্টন চেজ, জেসন হোল্ডাররা দরকার মতো রান করতে পারেননি। ওপেনার হোপ ৩৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন। ১১তম ওভারের শেষ বলে তিনি আউট হতেই ধস শুরু হয়। ৭২/১ থেকে দ্রুতই স্কোর ১১৯/৭ হয়ে যায়। এরপর হোল্ডারের ৬০ বলে ৬ চারে গড়া ৪৪ এবং আকিল হোসেনের ৩৬ বলে ২৩ আর ওডিন স্মিথের ১০ বলে ১ চার ২ ছক্কায় অপরাজিত ২০ রানের ওপর ভর করে ৪৪.৪ ওভারে ২১২ রানে অল আউট হয়। আয়ারল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইন ১০ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। পেসার ক্রেইগ ইয়াং ৪৩ রানে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডকে হারালেও লাইনচ্যুত হয়নি আইরিশরা। স্টার্লিং ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৪৪ রান। অ্যান্ডি ম্যাকবার্নি ও হ্যারি টেক্টর হাফসেঞ্চুরি করেছেন। ম্যাকবার্নি ১০০ বলে ৫৯ রান করেন। টেক্টর ৭৬ বলে ৩ চারে করেন ৫২ রান। দ্বিতীয় উইকেটে দুজনে এনে দেন ৭৩ রান। তৃতীয় উইকেটে ম্যাকবার্নি-টেক্টর আরও ৭৯ রানের জুটি গড়লে আয়ারল্যান্ডের কাজ সহজ হয়। কিন্তু ৪ উইকেটে ১৯০ রানে পৌঁছে যাওয়া আইরিশদের ২৩ বলে ১৮ রানের মধ্যে ৪ উইকেট তুলে ম্যাচে রোমাঞ্চ ফেরান দুই স্পিনার চেজ ও আকিল হোসেন। তবে মার্ক অ্যাডায়ার ও ক্রেইগ ইয়াং নির্বিঘেœই জয় এনে দেন আইরিশদের।

ম্যাচ ও সিরিজ সেরা ম্যাকব্রাইন সিরিজ জয়ে বলেছেন, ‘অনেক খুশি লাগছে। শেষ তিন-চার সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল। তবে আমরা দল হিসেবে এক হয়ে দারুণ খেলেছি।’ আর পরাজিত অধিনায়ক পোলার্ড বলেছেন, ‘আমাদের জন্য, উইন্ডিজের ক্রিকেটের জন্য এটা খুব কষ্টের একটা দিন। হজম করতে কষ্ট হচ্ছে।’ এই সিরিজ জয়ে আয়ারল্যান্ড আইসিসির ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে। ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।