মাহরেজদের গর্বে আঘাত ইকুয়েটরিয়াল গিনির

গতবারের চ্যাম্পিয়ন, সদ্য আরব কাপ বিজয়ী আলজেরিয়াকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েটরিয়াল গিনি। ০-১ গোলের পরাজয়ে প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে আলজেরিয়া। প্রথম ম্যাচে সিয়েরা লিওনের সঙ্গে গোলশূন্য ড্র করা আলজেরিয়াকে টুর্নামেন্টে টিকে থাকতে ২০ জানুয়ারির শেষ গ্রুপ ম্যাচে আইভোরি কোস্টকে হারাতেই হবে। ইকুয়েটরিয়াল গিনিকে ১-০ গোলে হারানোর পর রবিবার দ্বিতীয় ম্যাচে সিয়েরা লিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে দুবারের চ্যাম্পিয়ন আইভোরি কোস্ট। তাদের পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে এরপরেই আছে ইকুয়েটরিয়াল গিনি। গিনি নামের তিন দেশই খেলছে এবারের নেশন্স কাপে। এর মধ্যে গিনি ফিফা র‌্যাংকিংয়ে ৮১ নম্বর স্থানে। গিনি বিসাও ১০৬-এ। ইকুয়েটরিয়াল গিনির অবস্থান ১১৪-তে। এর আগে দুবার টুর্নামেন্ট আয়োজন করে নকআউট পর্বে উঠতে পেরেছিল তারা ২০১২ ও ২০১৫ সালে। সেই দলটির কাছে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড খোয়ায় রিয়াদ মাহরেজদের আলজেরিয়া ৭০ মিনিটে এস্তেবান ওবিয়াঙের করা গোলে। সবচেয়ে বেশি ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইতালি অক্টোবরে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে রেকর্ডটি খোয়ায়। এখন সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত দল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা, যারা ২৭ ম্যাচে হারেনি।