জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কলেজশিক্ষক মোছা. কামরুন্নাহারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর ২৭ সেপ্টেম্বর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৪ সালের ১ অক্টোবর হতে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয়বহির্ভূত ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেন। সেই সঙ্গে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ বিভিন্নজনের কাছে হস্তান্তর ও রূপান্তরসহ স্থানান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন। এর আগে এ মামলার অন্য বিবাদী কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে প্রাপ্ত অন্তর্বর্তী জামিন শেষে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকেও কারাগারে প্রেরণ করে। পরে তিনি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে কারামুক্ত হন।