সরকারি চাকরির লোভ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার ঢাকার মিরপুর ও কেরানীগঞ্জ এলাকা থেকে হারুন অর রশিদ (৩৬), সেকেন্দার আলী (৩৪) ও মাসুদ রানা (২৩) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় অভিযোগ রয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো) মো. ইমাম হোসেন এই তথ্য জানান।
তিনি জানান, পল্টন থানায় চার ভুক্তভোগীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন মন্ত্রণালয়ের আবেদনপত্র, ভুক্তভোগীদের স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ব্লাঙ্ক চেক, ব্লাঙ্ক স্ট্যাম্প ও ভুয়া ডিও লেটারসহ প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, চক্রটি সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিন থেকে পাঁচ লাখ টাকা অগ্রিম নিত। বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে দেওয়ার লোভ দেখিয়েও লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা ভুক্তভোগীদের ভুয়া নিয়োগপত্র দিত এবং তাদের কাছ থেকে ব্লাঙ্ক চেক ও ব্লাঙ্ক স্ট্যাম্প নিয়ে নিজ দখলে রাখত। কাকতালীয়ভাবে কখনো কারও চাকরি হয়ে গেলে তার কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি। এছাড়া চক্রটি বদলি বাণিজ্যের সঙ্গেও জড়িত। বিভিন্ন মানবিক কারণ দেখিয়ে প্রতিষ্ঠান থেকে বদলিতে আগ্রহীদের জন্য তদবির করত তারা।