চট্টগ্রামে নতুন ৭৩৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৩৮ জনের শরীরে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত মঙ্গলবারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এন্টিজেন টেস্ট ও নগরীর ৯ ল্যাবরেটরিতে গতকাল ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৩৮ জনের মধ্যে শহরের ৬৪৭ ও ১৩ উপজেলার ৯১ জন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৪৫৭ জনে। এর মধ্যে শহরের ৭৭ হাজার ৪৩৮ এবং গ্রামের ২৯ হাজার ১৯ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪০ জনই রয়েছে। এতে শহরের ৭২৬ ও গ্রামের ৬১৪ জন।