পুষ্পিতার ‘স্পর্শের বাইরে’

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতার নতুন মৌলিক গান ‘স্পর্শের বাইরে’ অবমুক্ত হবে বুধবার।

প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউনবিডি’-তে প্রকাশিতব্য এই গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রোটিউন টিম। গানটির ভিডিওতে আছেন শিল্পী পুষ্পিতা ও শাওন।

গানটি সম্পর্কে গীতিকার প্রসেনজিৎ ওঝা বলেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।’

গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা বলেন, ‘গানটির কথা, সুর ও কম্পোজিশন আমার খুব ভালো লেগেছে। আশা করি, দর্শক–শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

উল্লেখ্য, তরুণদের মাঝে জনপ্রিয় এ শিল্পীর গাওয়া ‘প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে’ গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।