তৈমূর আলমকে এবার বিএনপি থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তৈমূর আলম খন্দকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

তৈমূরের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলমের প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন। বাতিল করা হয়েছে দুজনের প্রাথমিক সদস্যপদও।

বিএনপির দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ পত্র প্রেরণ করা হয়েছে তৈমুরকে।

যাতে লেখা হয়েছে- ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’

অন্যদিকে এ টি এম কামালকে লেখা চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’

১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত হন।

ভোটে দাঁড়ানোর পর তৈমূরকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। হারের পর দল থেকেই বহিষ্কার করা হলো।