পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১১৫ গোল এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর অধিকারে। সেপ্টেম্বরে ইরানের আলি দায়িকে (১০৯) পেছনে ফেলে এই রেকর্ড গড়েন তিনি। এমন কীর্তির জন্য ফিফা রোনালদোকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। সোমবার জুরিখে উপস্থিত থেকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন পর্তুগালের এই কিংবদন্তি।
পুরস্কার গ্রহণের পর রোনালদো বলেন, ‘প্রথমত গত ২০ বছর ধরে পাওয়া জাতীয় দলের সব সতীর্থ, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রেকর্ডটা ছিল ১০৯ গোলের। ছয়টা বেশি গোল আমার। আমি গর্বিত। ফিফার কাছ থেকে এটা আমার জন্য বিশেষ পুরস্কার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। শিগগিরই আমি আবারও বাবা হব। আমি খুবই গর্বিত। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা দারুণ ব্যাপার।’
আসছে ফেব্রুয়ারিতে ৩৭-এ পা দেবেন রোনালদো। আর চার-পাঁচ বছর খেলতে চান তিনি, ‘আমি খেলাটিকে ভালোবাসি এবং খেলাটির প্রতি আমার আবেগ আছে। আমি খেলা চালিয়ে যেতে চাই। আশা করি, হয়ত আরও চার বা পাঁচ বছর ফুটবল খেলে যেতে পারব। এটা আসলে (বয়স নয়) মানসিক বিষয়।’